দেশজুড়ে

পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৬০ কোটি টাকার ক্ষতি

গাজীপুরের ভোগড়া বাসন সড়ক এলাকায় মীম গ্রুপের আলেমা টেক্সটাইল নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর, টঙ্গী ও সদর দফতর থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও বিকাল ৪টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে ৭ তলা ভবনের ওই পোশাক কারখানার সবার উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। ওই তলায় কারখানার তৈরি করা পোশাক শিপমেন্টের জন্য অপেক্ষমাণ ছিল। এছাড়া সেখানে বিপুল পরিমাণ পোশাক তৈরির ফেব্রিকসও ছিল। আগুনে তৈরি করা সব পেশাক ও ফেব্রিকস পুড়ে গেছে।মীম গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ফলে কারখানার প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে পুরো ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করতে কয়েকদিন সময় লাগতে পারে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।                আমিনুল ইসলাম/এসএস/আরআইপি