কুমিল্লায় এবি ব্যাংকের ১০ লাখ টাকা লুট হয়েছে। নগরীর মুগলটুলী ব্যাংকের প্রধান শাখা থেকে এটিএম বুথে টাকা লোড দেয়ার জন্য সিএনজিযোগে ওই টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ওই টাকা লুটে নেয়।বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরতলীর দুর্গাপুর মেডিসিন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাত সোয়া ৯টার দিকে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, বুধবার বিকেলে এবি ব্যাংক কুমিল্লা শাখার প্রধান ক্যাশিয়ার সারোয়ার আলম ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফুল আলম ভাড়া করা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে টাকা নিয়ে যাছ্ছিলেন। পথে শাসনগাছা-আলেখাচর বিশ্বরোড সড়কের দুর্গাপুর হোন্ডা গ্যারেজ সামনে পৌঁছলে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে ব্যাগভর্তি ১০ লাখ টাকা লুটে নেয়।রাতে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, এটিএম বুথে লোড দেয়ার জন্য কাপড়ের ব্যাগে ১০ লাখ টাকা ও এটিএম ক্যাসেট ভর্তি আরো ১৮ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে এ টাকা লুটের ঘটনা ঘটে।কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, এ বিষয়ে রাতে ব্যাংকের সহকারী শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লুণ্ঠিত টাকা উদ্ধার কিংবা এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।মো. কামাল উদ্দিন/বিএ