ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ভোট গণনায় অযথা সময় নষ্ট হবে না: উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেছেন, ‘কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ভোট গণনায় অযথা সময় নষ্ট হবে না। এ নির্বাচনে জাল ভোট দেওয়ারও কোনো সুযোগ নেই।’

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আইটি ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তার হাতে ছবি সম্বলিত ভোটার তালিকা রয়েছে। তারা মিলিয়ে দেখছেন। তাই জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। গতকাল থেকে আজ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি।’

তিনি বলেন, ‘যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ডাকসু, জাকসুর মতো ভোট গণনায় বিলম্ব হবে না। কারণ আমরা ওএমআর মেশিনে ভোটগণনা করব। এটা আমাদের স্বতন্ত্রতা।’

এদিকে চাকসুর ২৬ পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন ও হোস্টেল সংসদের জন্য প্রার্থী ২০ নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে ভোটার ২৭ হাজার ৫২১ জন। এরমধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

নির্বাচনে ১৫টি কেন্দ্রে রয়েছে ৬৭টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনের নিরাপত্তায় পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২৫০টি সিসি ক্যামেরা।

রফিক হায়দার/আরএইচ/জেআইএম