ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

চবিতে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার ৭ দর্শনার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:১০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে এসে দুই রিকশাচালকের কাছে ছিনতাইয়ের শিকার হয়েছেন একদল দর্শনার্থী। পরে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাটহাজারী এলাকা থেকে চার তরুণ ও তিন তরুণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন। তারা ১নং গেট থেকে জিরো পয়েন্ট যাওয়ার জন্য একটি রিকশায় ওঠেন। তবে রিকশাচালক নির্ধারিত গন্তব্যে না নিয়ে কৌশলে তাদের দক্ষিণ ক্যাম্পাসের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে পৌঁছে রিকশাচালক তার ভাইকে ডেকে আনেন। এরপর দুই ভাই মিলে দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়ে ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন এবং সঙ্গে থাকা তরুণীদের হেনস্তা করেন। একপর্যায়ে তাদের আটকে রেখে ১০ হাজার টাকা দাবি করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাই রিকশাচালক মো. লোকমান আলী ও মো. রাশেদকে আটক করা হয়েছে। তারা দুইজন আপন ভাই বলে জানা যায়।

তবে অভিযুক্ত লোকমান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, যাত্রীরা রিকশায় ওঠার পর অশালীন আচরণ করছিল। বিষয়টি পরিবারকে জানাতে তাদের ফোন নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসার সময় কয়েকজন দর্শনার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছে এবং ভুক্তভোগীদের মাধ্যমে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক দুজনকে হাটহাজারী থানায় পাঠানো হয়েছে।

জানতে চাইলে হাটহাজারী থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক শামীম উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজ তাদের আদালতে পাঠানো হবে।

মোস্তাফিজুর রহমান/এফএ/এমএস