জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির দাবিতে অভিনব প্রতিবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বিশেষ (সম্পূরক) বৃত্তি দেওয়ার দাবিতে মাইকিং করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ।
রোববার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের চতুর্দিকে প্রদক্ষিণ করে মাইকিং কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা মাইকে ব্যঙ্গাত্মক কবিতা, স্লোগান ও প্রতিবাদী বক্তব্য তুলে ধরে প্রশাসনের প্রতি দাবি জানান।
এ প্রসঙ্গে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রাব্বি বলেন, আজকের মাইকিং কর্মসূচি ছিল প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য। এতে যদি ঘুম না ভাঙে, আমরা তাদের পদত্যাগ চাইবো। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বৃত্তি আমাদের অধিকার।
এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সরকারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে, সম্পূরক বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে এবং আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত তা চালু থাকবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কোনো সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা লাগাতার কর্মসূচির মাধ্যমে এ দাবি আদায় করবো।
টিএইচকিউ/এমআইএইচএস/
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহ্ আলম-রাজিব রায়হান
- ২ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের ঈদ উপহার দিলো সিআরসি
- ৩ ঈদ ঘিরে মানবিক উদ্যোগে ব্যস্ত শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো
- ৪ ঢাবিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ
- ৫ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো শেকৃবির ‘আলোকিত মানুষ’