ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জাবিসাসের নিন্দা

প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৬ মার্চ ২০১৭

বার্তা সংস্থা ইউএনবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসেনের ওপর গত সোমবার মধ্যরাতে সংবাদ সংগ্রহ করার সময় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

বৃহস্পতিবার জাবিসাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় জাবিসাস সভাপতি মওদুদ আহম্মেদ সুজন এবং সাধারণ সম্পাদক শরীফুল কবীর শামীম অপরাধীদের বিচার দাবি করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনা সম্পর্কে আমরা খোঁজ-খবর নিয়ে জেনেছি। ‘বিজয় একাত্তর’ হলে সংবাদ সংগ্রহ শেষে রাত ৩টার দিকে  নিজ কক্ষে ফেরার সময় অত্যন্ত ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী মুখে কাপড় বেঁধে এসে লাইট বন্ধ করে হামলা চালায়। এতে ঘটনার শিকার আমাদের ওই সহকর্মী সাংবাদিক অজ্ঞান হয়ে পড়েন।

এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা মত প্রকাশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। জাবিসাস এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংশ্লিষ্ট আবাসিক হলে রাজনৈতিক সংগঠনের কর্মীদের সিট দখল বিষয়ে সংবাদ সংগ্রহ করার জন্যই অন্যদের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক ওই হলে যান। এই হামলার কোনো ব্যক্তিগত কারণ ছিল না। এই ধরনের ঘটনা নেতৃস্থানীয়দের ইন্ধন ছাড়া সম্ভব নয় বলে জাবিসাস মনে করে। সেই সঙ্গে জাবিসাস ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত এই ঘটনার ইন্ধনদাতা ও জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

জড়িতদের দ্রুত শাস্তির আওতায় না আনলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)
সাংবাদিকদের কাজের স্বার্থেই ঢাবি সাংবাদিক সমিতি গৃহীত যেকোন কর্মসূচিতে পাশে থাকবে।

হাফিজুর রহমান/এএম/জেআইএম