ঢাবিতে করোনাভাইরাসের ৫টি জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে করোনাভাইরাসের পাঁচটি জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে (কার্স) স্থাপিত কোভিড-১৯ ল্যাবে সংগৃহীত নমুনা থেকে এসব জিনোম সিকোয়েন্স করা হয়।
শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. শরীফ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞরা করোনাভাইরাসের বিস্তৃত জিনোম সিকোয়েন্সিংয়ের যে প্রকল্প হাতে নিয়েছেন তার অংশ হিসেবেই এই সিকোয়েন্সিং সম্পন্ন করা হয়। প্রয়োজনীয় অর্থসংস্থান সাপেক্ষে ধাপে ধাপে আরও ১০০টি ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
দ্বিতীয় পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদেরও সিকোয়েন্সিংয়ের আওতায় আনা হবে। বিশেষত করোনা আক্রান্ত অথচ লক্ষণগত ভিন্নতা রয়েছে এ রকম ব্যক্তিদের এক্সোম (মোট জিনের সমষ্টি) সিকোয়েন্সিংয়ের মাধ্যমে তাদের জিনগত বৈশিষ্ট্য নির্ণয় করা হবে। এই সিকোয়েন্স ডাটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আন্তর্জাতিক তথ্যভাণ্ডার গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (জিআইএসএআইডি) কর্তৃক গৃহীত হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
এই গবেষণার ফলাফল বাংলাদেশে চলমান করোনাভাইরাস মহামারির গতিপ্রকৃতি, উৎস, জিনগত বৈশিষ্টের পরিবর্তন এবং এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে অভিমত সংশ্লিষ্ট গবেষকদের।
এই প্রকল্পে জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ শিক্ষক ও বিজ্ঞানীরা যুক্ত আছেন। গবেষণা দলের নেতৃত্বে রয়েছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. শরীফ আখতারুজ্জামান।
আল সাদী/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ইবির গুম হওয়া দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন
- ২ জলজ জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় পর্যায়ে সামাজিক আন্দোলনের আহ্বান
- ৩ জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের
- ৪ জাবির প্রশাসনিক ভবনের দেওয়ালে জুলাইয়ে হামলার মদদদাতা শিক্ষকদের ছবি
- ৫ রাবির ভর্তি পরীক্ষায় আটক সেই শিক্ষার্থীর শাবিপ্রবিতে ভর্তি স্থগিত