ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ধর্ষকদের উৎসাহিত করেছে

প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৩ এপ্রিল ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের  দেয়া বক্তব্য ধর্ষকদের আরো বেশি উৎসাহিত করেছে মন্তব্য করেছে প্রগতিশীল ছাত্রজোট। সংগঠনটি মনে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ‘এ রকম দু ’একটি ঘটনার কারণে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বল হয়ে যায়নি` বলে যে বক্তব্য দিয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জোটের প্রধান সমন্বয়ক আশরাফুল আলম সোহলে।  এ সময় তিনি আগামী ৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। তনুর হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ডাকা সারাদেশে ছাত্র ধর্মঘটের পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে। যদি ওই দিনের ঘেরাও কর্মসূচিতে বাধা দেয়া হয় তাহলে সেটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নেবে। সরকার ধর্ষকদের পক্ষে অবস্থান নিলে ছাত্র সমাজ সরকারের বিপক্ষে অবস্থান নিবে।

আশরাফুল আলম বলেন, তনুর হত্যার বিচারের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আমরা আন্দোলন করে আসছি। আজকে সারাদেশে স্ফূর্ত ধর্মঘট পালিত হয়েছে। সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু সরকার এ ঘটনার বিচার করতে আন্তরিক নয়। খুনিদের গ্রেফতার করতে কোনো অগ্রগতি নেই।

সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ/জেএইচ/এবিএস