ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবির চার অনুষদে নির্বাচন ৩০ এপ্রিল

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারটি অনুষদের ডিন নির্বাচন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু বকর সিদ্দিককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের ডিন পদে অনুষদের শিক্ষকরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে মেয়াদ উত্তীর্ণ সিন্ডিকেট, সিনেট, ডিন ও অর্থকমিটির নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে দেখা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে দীর্ঘ বৈঠক শেষে দুপুর পৌনে ১টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডিন নির্বাচনের তারিখ ঘোষণা করে অফিস আদেশ জারির নির্দেশ দেন।

বৈঠকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক মো. ছালেহ আহমেদ খান, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামররুল আহসান, অধ্যাপক শামীমা সুলতানাসহ ফোরামের প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অধ্যাপক মো. শামছুল আলম বলেন, ‘উপাচার্য আমাদের দাবি মেনে নিয়ে ডিন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এছাড়াও তিনি পর্যায়ক্রমে সিন্ডিকেট, সিনেটসহ অন্যান্য নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।’

হাফিজুর রহমান/এনএফ/পিআর