রাবির বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সম্মিলন ৮-৯ এপ্রিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের প্রথম সম্মিলন শুক্রবার (৮ এপ্রিল) শুরু হবে। চলবে শনিবার (৯ এপ্রিল) পর্যন্ত।
৬১ বছরে এই প্রথমবারের মতো বাংলা বিভাগ অ্যালামনাইয়ের ১ম সম্মিলন মতিহার ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সম্মিলন উদ্বোধন করবেন রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাবি উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।
এ উপলক্ষে শনিবার সকালে বাংলা বিভাগ অ্যালামনাই প্রবর্তিত ‘কলাবিদ’ পুরস্কার দেয়া হবে। এবার ‘কলাবিদ’ পুরস্কারের নামকরণ হয়েছে বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পণ্ডিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র নামে।
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর কলাবিদ পুরস্কার পাচ্ছেন বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক কবি আতাউর রহমান (মরণোত্তর) ও বিভাগের প্রাক্তন ছাত্র কবি মহাদেব সাহা। পুরস্কার হিসেবে রয়েছে স্মারক, সনদ ও নগদ ২৫ হাজার টাকা।
অনুষ্ঠানমালায় রয়েছে, শুক্রবার সকালে ক্যাম্পাসে একই রঙে’র শাড়ি ও পাঞ্জাবি পরে বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সকালে শহীদুল্লাহ কলাভবন চত্ত্বরে আড্ডা, উন্মুক্ত আলোচনা, কলাবিদ পুরস্কার বিতরণ, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও পরলোকগত শিক্ষক পরিবারের সদস্যদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
এইচএস/একে/এবিএস