হোমনায় ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা
কুমিল্লার হোমনায় ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে আটক করার চেষ্টাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে জয়পুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় নৌকার সমর্থনে একটি মিছিল বের করা হয়। এসময় ওই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মিছিলে বাধা দেন। আর এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাইজুল ইসলামকে ম্যাজিস্ট্রেট আটক করে গাড়িতে তুলেন। এসময় তার কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওই ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালায়। পরে ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী তাইজুল ইসলাম মুঠোফোনে জানান, আমি মিছিল করিনি, প্রচারণার শেষ দিনে কর্মীদের নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে ম্যাজিস্ট্রেট আমাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে গাড়িতে উঠিয়ে নেন। এতে আমার কর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে গাড়ি ভাঙচুরের ঘটনা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, নৌকার সমর্থনে বের করা মিছিলে আইনগতভাবে বাধা দেয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) ইকবাল হোসেন হাজারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি ও অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
কামাল উদ্দিন/এআরএ/পিআর