চাঁদপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
চাঁদপুর সদর উপজেলায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. রেদওয়ান রাজা (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাগাদী ইউনিয়নে চান্দ্রা-গল্লাক সড়কের পশ্চিম সেকদি শাহ আলম পাটওয়ারীর এবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
রেদওয়ান বাগাদী গ্রামের রাজা বাড়ির মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। তিনি দুই সন্তানের জনক। পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী।
রেদওয়ানের ছোট ভাই খোরশেদ আলম জানান, স্থানীয়রা দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার ভাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগাদী চৌরাস্তায় তার দোকানের সামনে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত তাকে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার ভাই মারা যান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হবে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শরীফুল ইসলাম/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের