চাচাতো ভাইয়ের সঙ্গে তর্ক থেকে সংঘর্ষ, একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মধ্যপাড়ার শানু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, জামালের ছেলে সম্প্রতি কাজের সন্ধানে সৌদি আরব গেছেন। শনিবার সন্ধ্যায় জামাল তার চাচাতো ভাই বাবুলের ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া ঢিলে জামাল গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন জামালকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি৷
আবুল হাসনাত মো. রাফি/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু