আ’লীগ নেতা অভিনন্দন জানানোয় বিএনপি নেতাকে শোকজ
বিএনপি নেতা আব্দুল মান্নাকে (ডান থেকে দ্বিতীয়) ফুলের তোড়া দিচ্ছেন আ’লীগ নেতা রবিউল আলম সাবুল
আওয়ামী লীগ নেতা কর্তৃক অভিনন্দিত হওয়ায় পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ সাক্ষরিত নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি বোদা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিগত ফ্যাসিস্ট দোসরদের দ্বারা আপনাকে অভিনন্দিত করার সম্মিলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এহেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
জানা গেছে, গত ১৯ এপ্রিল বোদা উপজেলা বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। ২১ এপ্রিল রাতে বোদা ফ্রেন্ডস ক্লাবে সংগঠনটির সদস্য হিসেবে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এতে বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল বিএনপি নেতা মান্নাকে ফুলের তোড়া দিচ্ছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবির সূত্র ধরে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা নোটিশটি তাকে পাঠিয়েছি। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাকে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে।
সদ্য নির্বাচিত বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, বোদা ফ্রেন্ডস ক্লাবে আমাকে ফুল দেওয়া হয়। এ নিয়ে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরইমধ্যে আমি পত্রটি হাতে পেয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে আমি জবাব দেব।
সফিকুল আলম/এমএন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি