স্কুলছাত্রের কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণ
যশোরে এক স্কুলছাত্রের ব্যাগ থেকে বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবার সকালে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় মাওলানা শাহ আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ওই ছাত্র আকাশকে (১০) জিজ্ঞাসাবাদ করেছে। আকাশ শহরের রেলগেট এলাকার মৃত হুমায়ুন কবীরের ছেলে এবং আঞ্জুমান মফিদুল খালেদিয়া এতিমখানার বাসিন্দা।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী জানান, সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে সমাবেশ চলছিল। এ সময় আকাশ সমাবেশে না এসে তার ব্যাগটি জানালা দিয়ে ফেলে দেয়। এতে ব্যাগে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থল থেকে বোমার আলমত উদ্ধার করে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুল আলম জানান, তিনি ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার ও আকাশকে থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করে আঞ্জুমান মফিদুল খালেদিয়া এতিমখানার শিক্ষক তাহাজ্জুত হোসেনের জিম্মায় দেয়া হয়েছে।
আকাশ পুলিশকে জানিয়েছে ৭-৮ দিন আগে সে ওই বোমাটি কুড়িয়ে পায় এবং সে এটি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল।
মিলন রহমান/এফএ/পিআর