ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকে আটক করেছে পুলিশ। এক শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন অভিভাবকরা।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেলে শিক্ষক কবিরের বিরুদ্ধে ওই ছাত্রীর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
অভিযুক্ত কবির ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শাকায়েত উল্যার ছেলে। তিনি দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ বছর ধরে কর্মরত।
থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি কিছুদিন ধরে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না। কারণ জানতে চাইলে সে তার মাকে জানায়, শিক্ষক কবির তাকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানি করেছেন। ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন। এজন্য ভয়ে সে বিদ্যালয়ে যেতে রাজি না। মঙ্গলবার শিশুটিকে নিয়ে তার মা বিদ্যালয়ে যান। খবর পেয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও বিদ্যালয়ে উপস্থিত হন। অভিভাবকদের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে বিদ্যালয় মাঠে মারধর করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার বিদ্যালয়ের শিশু ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ৬ মাস আগেও একটি ঘটনা ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষককে অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী