ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৬ জুন ২০১৬

গাজীপুরে এক নারীকে হত্যার দায়ে মো. নূরুল আমিন ওরফে নূরা (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসময় সাজাপ্রাপ্ত ওই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন গাজীপুরের কালীগঞ্জের বরাইদ গ্রামের সাবেক মেম্বার নূর চান শেখের ছেলে।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছরের ৩১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের মিনারা খাতুন ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। পথে একটি পেয়ারা বাগানের কাছে পৌঁছালে আসামি নূরুল আমিন ওরফে নূরা বাঁশের লাঠি দিয়ে মিনারা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের মেয়ে আয়েশা বেগম বাদী হয়ে ২ এপ্রিল কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফরিদ উদ্দিন তদন্ত শেষে নূরার বিরুদ্ধে ১৭ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।
 
মামলায় ৮ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। মামলায় আসামি নূরা দোষী প্রমাণিত হওয়ায় সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেন।
 
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভেকেট হারিজ উদ্দিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রণব কুমার সরকার (তপন)।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

আরও পড়ুন