৪ দিন সাগরে ভেসে থাকা ৯ জেলে উদ্ধার, এখনো নিখোঁজ ৩
উদ্ধার হওয়া ৯ জেলে
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে টানা চারদিন লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার ৯ জেলে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।
গত শনিবার (৫ জুলাই) গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এফবি সাইকূল’ নামের একটি মাছ ধরার ট্রলার রোববার (৬ জুলাই) সকালে পায়রা বন্দরের শেষ বয়ার কাছে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।
এরপর বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর উপকূলে ভেসে থাকতে দেখা যায় তাদের। পরে স্থানীয় এক মাছ ধরার ট্রলার ৯ জনকে জীবিত উদ্ধার করে এবং দুপুরের দিকে রাঙ্গাবালী নৌপুলিশের কাছে হস্তান্তর করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। তারা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
উদ্ধার হওয়া মাঝি কবির হোসেন বলেন, ভোরে (৬ জুলাই) ট্রলার উলটে গেলে আমরা সবাই রিং বয়া ও ফ্লোট ধরে সাগরে ভেসে থাকি। কিন্তু ঢেউয়ের তোড়ে তিনজন আমাদের কাছ থেকে ছিটকে পড়েন। তারপর আমরা ৯ জন প্রাণপণ চেষ্টা করে একসঙ্গে থাকি।
চারদিন ধরে খাবার, পানি ও বিশ্রাম ছাড়া তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন তারা। প্রাণে বেঁচে ফেরা জেলেরা জানান, লবণ পানি খেয়ে কোনোরকমে তারা বেঁচে ছিলেন এবং শেষ পর্যন্ত সোনারচর উপকূলের কাছাকাছি চলে আসেন।
এদিকে নিখোঁজ তিনজন— খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রীকে নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। ট্রলার মালিকের ভাই পরিচয় দেওয়া একজন দাবি করেছেন, ওই তিনজনকেও নাকি পাওয়া গেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি নৌপুলিশ।
রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়াদের চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজদের ব্যাপারে অনুসন্ধান চলছে। কেউ কেউ বলছে তাদেরও উদ্ধার করা হয়েছে, তবে আমরা এখনো নিশ্চিত নই।
মাহমুদ হাসান রায়হান/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা