শার্শার নব-নির্বাচিত চেয়ারম্যান ছুরিকাহত
যশোরের শার্শা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের মাইকপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাহত চেয়ারম্যান শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নাভারণ-সাতক্ষীরা মোড় ও শার্শায় মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল শুরু হয়।
সোহরাব হোসেন জানান, দুপুরে শার্শা থেকে যশোর আসেন তিনি। প্রয়োজনীয় কাজ শেষে ইফতারের সময় হয়ে যাওয়ায় গাড়ি নিয়ে নূরু হোটেলের পাশে গিয়ে দাঁড়ান। তার এক সঙ্গী ইফতারি কিনতে হোটেলে যান এবং তিনি গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। আকস্মিক ৩/৪ জন যুবক ছুরি হাতে নিয়ে তার উপর হামলা চালায়।
তারা তার গলা ও বুক লক্ষ্য করে ধারালো অস্ত্র চালাতে থাকে। এ সময় তিনি লাথি ছুড়ে ও হাত দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। তবে একটি ছুরি তার বাম পায়ে আঘাত করে। এ সময় সোহরাবের সঙ্গীসহ আশেপাশের মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
নূরু হোটেলের একজন কর্মচারী জানান, ইফতারের আগে হঠাৎ কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকা লোকটির উপর হামলা করে। তিনি হাত-পা ছুড়ে গাড়ির মধ্যে ঢুকে যান। এ সময় তার পায়ে আঘাত লাগে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন যশোর শহরের মাইকপট্টি এলাকায় ছুরিকাহত হন। একই এলাকার প্রতিপক্ষরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি এর বেশি কিছু জানাতে পারেননি। আরো জানতে তিনি শার্শা থানার ওসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘চেয়ারম্যান সোহরাব হোসেনকে ছুরিকাঘাত করেছে কিনা তা জানি না। কেউ কিছু স্বীকারও করছে না। অথচ শত শত লোক রাস্তায় নেমে টায়ার জ্বালিয়েছে। মহাসড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে।’
এলাকার সূত্রগুলো বলছে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় বিরোধের জের ধরে সোহরাবের ওপর আক্রমণ হয়। তবে তার আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, নৌকা প্রতীক নিয়ে সোহরাব হোসেন গত ৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শার্শা সদর আসন থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগেও তিনি শার্শা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
জামাল হোসেন/এসএস/এবিএস