গাজীপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা : গ্রেফতার ৪
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির পারিজাত এলাকায় গ্রীন ল্যান্ড গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের বেতনের ৪৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় মামলায় এজাহারভুক্ত কারখানার তিন কর্মকর্তা ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ওই কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নূর মোহাম্মদ রুহুল কুদ্দুস (৪০), হিসাবরক্ষক বিজন সাহা (৪২), সহকারী স্টোর কিপার রতন চন্দ্র শীল (২৬) এবং মাইক্রোবাসের চালক মজিবর রহমান (৩২)।
টাকা ছিনতাইয়ের ঘটনায় কারখানার উপ-মহাব্যবস্থাপক মৃত্যুঞ্জয় কুমার চক্রবর্তী বাদী হয়ে ওই চারজনকে আসামি করে মঙ্গলবার রাত ১১টার দিকে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা কারখানা কর্তৃপক্ষকে সঠিকভাবে কোনো কিছু অবহিত না করে কারখানার মাইক্রোবাস নিয়ে কোনাবাড়িতে আইএফআইসি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। পরে তাদের সহযোগিতায় ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
কোনাবাড়ির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা একেক সময় একেক রকম তথ্য দিচ্ছে। যা সন্দেহজনক। এমনকি তারা বেতনের টাকা উত্তোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি বলেও জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে। গ্রেফতারদের আরো জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টার দিকে আইএফআইসি ব্যাংকের কোনাবাড়ি শাখা থেকে গ্রীন ল্যান্ড গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের বেতনের জন্য ৪৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়। এসব টাকা মাইক্রোবাসে করে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল।
পথিমধ্যে কোনাবাড়ির পারিজাত আমতলি এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা ৬-৭ জন দুর্বৃত্ত মাইক্রোবাসটির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে মাইক্রোবাসে থাকা লোকজনের কাছ থেকে ওই টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
আমিনুল ইসলাম/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা