কুমিল্লায় মাজারে হামলার ঘটনায় আরও দুজন গ্রেফতার
কুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আসাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হোমনার থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মীর হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- আসাদপুর গ্রামের মৃত সোলায়মান আহমেদের ছেলে মো. ইকরাম উল্লাহ (৪৫) ও একই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবদুল লতিফ (৩৯)। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) সকালে একই এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম খলিল ও শহীদ উল্লাহ নামের দুজনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হলো।
উপ-পরিদর্শক মীর হোসেন বলেন, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতার ও চিহ্নিতকরণের জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর আসাদপুর গ্রামের আলেক শাহর ছেলে মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেইসবুক আইডি থেকে মহানবী (স.) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য পোস্ট করেন। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনার জেরে আসাদপুর গ্রামের অভিযুক্ত মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ ও ওই এলাকার কালু শাহ, আবদু শাহ ও হাওয়ালী শাহের মাজারে হামলা চালায়। এসময় মাজার ও বসতঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। ঘটনার দিন রাতেই হোমনা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের একটি মামলা করেন।
জাহিদ পাটোয়ারী/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে