অপশক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে : চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যেমন অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন, তেমনি তার কন্যা শেখ হাসিনা সেই লক্ষ্যে দেশকে উন্নয়নে এগিয়ে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অপশক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে যখনই এগিয়ে যায়, তখনই অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠে। আমরা আজকে তাদের জন্য দোয়া করবো যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ত্ব ও আমাদের অবজ্ঞা করে, যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আশারাফী মেহেদী হাসান প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর