ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৯ জুন ২০১৬

গাজীপুরে স্কুলছাত্রী কবিতা দাশকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

রোববার বেলা পৌনে ১১টায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বিক্রম সরকার ওরফে বিজয় সরকার (২৫)। তিনি কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ সরকারের ছেলে।

গাজীপুর জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমেদ জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত বছরের ১৩ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্থানীয় বিজয় স্বরণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কবিতা দাসকে (১৪) ছুরিকাঘাত করে বিক্রম চন্দ্র সরকার।

গুরুতর আহত কবিতাকে সহপাঠী ও স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয়রা বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওই দিনই নিহতের বাবা সাগর মনি দাস বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান তদন্ত শেষে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বিজয় সরকারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

পরে মামলায় বিক্রম সরকার ওরফে বিজয় সরকারকে দোষী সাব্যস্ত করে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার বিজ্ঞ আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভেকেট হারিছ উদ্দিন আহমেদ আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক।
                        
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

আরও পড়ুন