ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারাফটকে হেমায়েত বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৩:০২ পিএম, ২০ জুন ২০১৬

যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে সন্ত্রাসী হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত হোসেনকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার ইফতারের পর এ ঘটনা ঘটে।

নিহত হেমায়েত শহরতলীর মণ্ডলগাতি এলাকায় জিন্নাহ ওরফে টেনা কসাইয়ের ছেলে এবং ওই এলাকার হেমায়েত বাহিনীর প্রধান।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গত ১৯ এপ্রিল তাকে বিস্ফোরকসহ পাঁচটি মামলায় কোতোয়ালি থানা পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করে। সোমবার তিনি জামিনে বের হন।

কারাগার থেকে বের হয়ে তিনি গেটের সামনে সুকতারা টি স্টলে চা পান করছিলেন। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার মাথার ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে।
 
মিলন রহমান/এআরএ/এমএস