ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১১:১০ এএম, ২১ জুন ২০১৬

শতভাগ ঈদ বোনাস ও ৫০০ টাকা হাজিরা বোনাসের দাবিতে গাজীপুরে কোজিমা লিরিক গার্মেন্ট কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে তিন শ্রমিক গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা সংলগ্ন নলজানী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে ওই কারখানার শ্রমিকরা ৭০ ভাগ ঈদ বোনাসের স্থলে শত ভাগ ঈদ বোনাস এবং ৩০০ টাকার স্থলে ৫০০ টাকা হাজিরা বোনাস দাবিতে দুপুর সোয়া ১টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে ওই সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় কারখানার আয়রনম্যান রাশিদা (২৫), শ্রমিক সাবিনা (২৪) ও নাজমা (২৫) গুলিবিদ্ধসহ অন্তত ২০ আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনামুল কবির জানান, ওই কারখানা থেকে সাতজনকে এ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কয়েকজন শ্রমিক জানান, এক মাস পূর্বে তারা শতভাগ ঈদ বোনাস এবং ৫০০ টাকা হাজিরা বোনাস প্রদানের দাবি জানিয়ে আসছিল।  মঙ্গলবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় তারা বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে আসে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কোন কারখানাতেই শতভাগ ঈদ বোনাস প্রদান করা হয় না। তার পরও আমরা ৭০ ভাগ ঈদ বোনাস প্রদান করার সিদ্ধান্ত নেই। কিন্তু শ্রমিকরা না বুঝেই বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধ করে। সরাতে গেলে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয় এবং কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মো. আমিনুল ইসলাম/এমএমজেড/এমএস