ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০২ জনকে চাকরি দিলো আরএফএল গ্রুপ

প্রকাশিত: ১০:১৮ এএম, ২২ জুন ২০১৬

গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ১০২ জনকে চাকরি দিলো দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টিটিটিআই মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি মেজর জেনারেল এসএম মতিউর রহমানের হাতে নিয়োগপত্রগুলো দেয়া হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার রিক্রুটমেন্ট জাবের আল রাহাদ খান নিয়োগপত্রগুলো তুলে দেন। এ উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানুয়ারি-জুন ১৪তম সেশন এবং বিশ্বব্যাংকের অনুদানে কারিগরি শিক্ষা অধিদফতরের ব্যবস্থাপনায় স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) এর প্রশিক্ষণপ্রাপ্তরা সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) মো. আছয়াদুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড কোর্সের ইনস্ট্রাক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও গাজীপুর সেনানিবাসের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টিটিটিআই পরিচালিত ৮টি ট্রেড কোর্সের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া ইংলিশ ও আরবি স্পোকেন ল্যাংগুয়েজ কোর্সের ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত ল্যাংগুয়েজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যেও সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

জানুয়ারি-জুন ২০১৬ সেশনে মোট ৯৬৮ জন ছাত্র-ছাত্রী কোর্স সমাপ্ত করেন। এর মধ্যে ২৮১ জন সামরিক, ২৫ জন বিজিবি, ২৬ জন এমইএস (সেনা), ১০ জন আনসার ভিডিপি এবং ৬২৬ জন বেসামরিক ছাত্র-ছাত্রী ছিল।

বেসামরিক প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৪০ জন প্রশিক্ষণার্থী বিশ্বব্যাংক কর্তৃক পরিচালিত স্কিলস অ্যান্ড ট্রেনিং ইনহেন্সম্যান্ট প্রজেক্ট (এসটিইপি) এর আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করেন।

চলতি অর্থবছর থেকে প্রতি সেশনে ৩০০ জন গরীব ছেলেমেয়ে এ প্রজেক্টের আওতাভুক্ত করা হয়েছে ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, বিদেশে দক্ষ জনশক্তি রফতানি করতে না পারায় আমরা কাঙ্ক্ষিত পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি না। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট দেশে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি করছে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি লাভ করবেন তারা অবশ্যই ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সম্মান রক্ষা করবেন। এ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবেন।

বিশেষ অতিথি আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার রিক্রুটমেন্ট জাবের আল রাহাদ খান বলেন, এ প্রতিষ্ঠান থেকে যারা প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি লাভ করেছেন তারা তাদের কর্মদক্ষতা দিয়ে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মর্যাদা বৃদ্ধি করবেন। আর প্রাণ-আরএফএল পরিবারের সঙ্গে যুক্ত থেকে একে এগিয়ে নেয়ার জন্য নিজের সর্বোচ্চ মেধা ও শ্রমকে কাজে লাগাবেন। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান থেকে প্রাণ-আরএফএল গ্রুপ আরো দক্ষ ও প্রশিক্ষিত জনবল নেবে।

কর্তৃপক্ষ জানায়, আত্মকর্মসংস্থান ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইসস্টিটিউটটি ২০০৯ সালে  প্রতিষ্ঠিত হয়েছে। ট্রাস্ট ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানটি গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ক্যাম্পাসে অবস্থিত।

প্রতিষ্ঠানটি ড্রাইভিং, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, মেশিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, রেডিও টিভি এবং কম্পিউটারসহ মোট ৮টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার ও অদক্ষ জনবলকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

আরও পড়ুন