ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযান: শ্রমিকলীগের কার্যালয়ে আঁচড়ও দেয়া হয়নি

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৩ জুন ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় সড়ক জনপথ বিভাগ। তবে উচ্ছেদের সময় শ্রমিকলীগের কার্যালয় উচ্ছেদ করা হয়নি।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। এ সময় মহাসড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক অস্থায়ী টং দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। যাদের অধিকাংশের মালিকই নিম্ন আয়ের মানুষ।

ক্ষতিগ্রস্ত হকাররা বলেন, ঈদের আগে এ উচ্ছেদ আমাদের ঈদের খুশি থেকে বঞ্চিত করলো। হাতেগোনা কয়েক দিন পরই ঈদ। এটাকে উচ্ছেদ অভিযান বলে না, এটাকে বলে গরিবের পেটে লাথি মারা।

তারা বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের হকারদের ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু শিমরাইল মোড়ে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, যা স্রােতের পুরো বিপরীত।
 
Siddirgong

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলমের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০টায় শিমরাইল মোড়ে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার, খাবার হোটেল, কনফেকশনারি, ফার্মেসি ও ফলের দোকানসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

এছাড়াও চাঁন সুপার মার্কেট, কাসসাফ শপিং কমপ্লেক্স, বদর উদ্দিন সুপার মার্কেট ও হাজি আসহান উল্লাহ মার্কেটের সামনে গড়ে ওঠা হকারদের স্থাপনাও উচ্ছেদ করা হয়। দুপুর ২টায় উচ্ছেদ অভিযান শেষ হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্যাহ, পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর মোল্লা তসলিম হোসেন প্রমুখ।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম জানান, শিমরাইল রেন্ট-এ-কার স্ট্যান্ড সংলগ্ন জায়গায় গাছ লাগনোর জন্য লিজ এনে হোটেলসহ বিভিন্ন দোকান করেছে। এরা নিজেরাই সন্ধ্যার মধ্যে একটি ব্যবস্থা করবে বলে আমাদের জানিয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

হোসেন চিশতী সিপলু/এফএ/পিআর