ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা বার্ডের নিয়োগ পরীক্ষা বাতিল : তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৫ জুন ২০১৬

কুমিল্লা কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে বাতিল করা হয়েছে। গত শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ঘটনার তদন্তে ২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বার্ড সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বার্ডে তৃতীয় শ্রেণির ৬টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উচ্চমান সহকারী পদে ৪২ জন, জুনিয়র আর্টিস্ট পদে ৭ জন, মহিলা স্বাস্থ্য পরিদর্শক পদে ১২ জন, মহিলা সংগঠিকা পদে ১৬ জন, বাস সহকারী পদে ৮ জন ও বাইন্ডার পদে ৬ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চমান সহকারী পদের পরীক্ষার্থী রাজশাহীর পুঠিয়া উপজেলার সুখপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির কাছে হাতে লেখা পুরো প্রশ্ন পাওয়া যায়।

এসময় নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্তরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তিনি বার্ডের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে প্রশ্ন পাওয়ার কথা স্বীকার করেন।

এ বিষয়ে বার্ডের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, পরীক্ষা শেষ হওয়ার পরপরই মোয়াজ্জেম হোসেন নামের এক প্রার্থীর কাছে হাতে লেখা প্রশ্ন পাওয়া যায়। যা পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিলে গেছে। এ কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ঘটনায় বার্ডের পরিচালক (গবেষণা) আনোয়ার জাহিদকে প্রধান করে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এমএএস/এবিএস