লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন এক যুবক। সিসিটিভির ফুটেজে মাস্ক পরিহিত ওই যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ঢুকতে ও বের হতে দেখা যায়। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সিসি টিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত এক যুবক গেইটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের রশ্মি দেখা যায়। এরপর পরই ওই যুবক গেইট টপকে বের হয়ে যান।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভেতরে দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। তিনি টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যান। এরমধ্যেই ২০০৮ ও ০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ-সিপিইউসহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ কার্যালয়ে এসে আগুনের ঘটনা দেখি। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন। তারা নিয়মিত নিরাপত্তা জোরদার করবেন বলে জানিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাটি তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
কাজল কায়েস/এফএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী