নাটোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক
নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি ডাবল কেবিন ট্রাক জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এসময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর ) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এসব তথ্য জানান হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।
তিনি সাংবাদিকদের জানান, বুধবার দুপুর সোয়া ১টার দিকে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ডাবল কেবিন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে চালকের পেছনের সিটের নিচ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো ১৫টি বান্ডেল পাওয়া যায়। প্রতিটি বান্ডেলের মধ্যে নীল রঙের ১০টি করে প্যাকেট ও প্রতিটি প্যাকেটে ২০০টি করে গোলাপি রঙের সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ওই ট্রাকের চালক শামীম হোসেনকে (৩০) আটক করে পুলিশ। সে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এছাড়াও ব্যবহৃত ডাবল কেবিন ট্রাকটি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান এই কর্মকর্তা।
প্রেস ব্রিফিংয়ের সময় অন্যদের মধ্যে হাইওয়ে বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমিন চৌধুরী, বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজা্উল করিম রেজা/এমএন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু
- ২ ‘কয়েক ঘণ্টার অপেক্ষা করে লাইনের একদম সামনে যাওয়ার পর শুনি তেল শেষ’
- ৩ ধান-চালের বাজারে ধস, ‘ইন্টেরিম’কে দুষছেন কৃষক-ব্যবসায়ীরা
- ৪ সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ