টেকনাফে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৭
টেকনাফের অনিবন্ধিত শরণার্থী বস্তিতে নগদ অর্থ বিতরণকালে চীনের পাঁচ নাগরিকসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় আটকদের কাছ থেকে নগদ ১ হাজার ৯০০ মার্কিন ডলার, ২ হাজার ৬২৫ চায়না ইয়ান, ১৫ লাখ ৮৪ হাজার ৮০৬ বাংলাদেশি টাকা, সাতটি মোবাইল সেট, চারটি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের এটিএম ১৬টি ক্রেডিট কার্ড, তিনটি ভয়েস রেকর্ডার, তিনটি পাওয়ার চার্জার জব্দ করা হয়।
আটকরা হলেন; চীনের নাগরিক বাই ওয়েন (৪০), মা চাই ইউমিন (৩৮), মা ইউইন (৩৪), শেলি (২৫), ইহা মিন গো (৩৭) এবং কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়াছড়ার আবু তাহেরের ছেলে জামিল তাহের (৩৯) ও টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত আবুল খাইরের ছেলে মৌলভী মো. শফিউলাহ (৪২)। আটকের পর তাদেরকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
বিজিবির টেকনাফস্থ ২ নাম্বার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে শরণার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণকালে তাদের আটক করা হয়। জব্দকৃত টাকা ও মালামালসহ তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ থানার ওসি আবদুল মজিদ জানান, চীনের পাঁচ নাগরিকসহ সাতজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ মতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এসকেডি