ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভালুকায় ৩০ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহের ভালুকায় চলন্ত পিকআপ থেকে ডেলিভারিম্যানকে ফেলে দিয়ে ৩০ লাখ টাকার ব্যাটারি লুটের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪২৪টি ব্যাটারি, পিকআপ এবং ব্যাটারি বিক্রির ২০ হাজার টাকা।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।

গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার রাজানগর গ্রামের আবুল কালামের ছেলে লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮) এবং কুমিল্লার তিতাস থানার কালাইগোবিন্দপুর গ্রামের মমত আ. রশিদের ছেলে মোহাম্মদ আলী (৩৮)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিঅজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪৬০টি লিড অ্যাসিড ব্যাটারি এবং ৬৩টি টি-শার্ট নিয়ে একটি পিকআপ ময়মনসিংহের ফুলপুরের উদ্দেশে রওনা দেয়। পথে ভোর ৪টার দিকে ভালুকার হবিরবাড়ি সিডস্টোর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পুষ্পকানন ফিলিং স্টেশনের সামনে চালক লোকমান ওরফে সাগর গাড়িটি থামিয়ে দেয়। এ সময় চালক ও তার দুই সহযোগী মিলে গাড়িতে থাকা ফ্যাক্টরির ডেলিভারিম্যান রুবেল হাওলাদারকে মারধর শুরু করে। একপর্যায়ে তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে মহাসড়কে ফেলে দিয়ে মালপত্রসহ পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই ময়মনসিংহের ডিবি পুলিশের একটি দল তদন্তে নামে। গত বৃহস্পতিবার রাতে প্রথমে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসামি লোকমান ওরফে সাগরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার ঢাকার খিলক্ষেত এলাকার বালুরঘাট থেকে পিকআপটি উদ্ধার করা হয়। একই রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার একটি বাড়ি থেকে ৪২৪টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২৯ লাখ ১৮ হাজার টাকা।

এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

কামরুজ্জামান মিন্টু/এমএএইচ/