ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে গ্রেফতার আ’লীগ নেতা
মাদারীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লাকে (৪৩) গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
তিনি মাদারীপুর সদর থানার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের রাজৈরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোর্তজা জানান, ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে নাম এবং তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার দেখিয়ে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ আল আমিন মোল্লা নামে এক আসামিকে হস্তান্তর করেছে। মাদারীপুরের রাজৈর থানায় তার নামে মামলা থাকায় শনিবার রাতে ওই থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ভারতে যাওয়ার সময় তাকে আটক করে। আমাদের জানানোর পর পুলিশ পাঠিয়ে রাতেই তাকে রাজৈর থানায় আনা হয়েছে।
মো. জামাল হোসেন/এএই/এমএস