ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আসিফ মাহমুদ

একটি দল জাতীয়তাবাদের কথা বলে বিদেশি নাগরিকদের প্রার্থী করেছে

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:২০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি দল জাতীয়তাবাদের কথা বলে অথচ নির্বাচনি মাঠে বিদেশি নাগরিকদের প্রার্থী করছে। শীতকালে চীন, রাশিয়া ও সাইবেরিয়া থেকে বাংলাদেশে যেমন অতিথি পাখি আসে, একইভাবে এদেশে কিছু বিদেশি নাগরিক অতিথি পাখির মতো বাংলাদেশে এসে নির্বাচন করে। নির্বাচন শেষ হয়ে গেলেই আবার বিদেশে তারা উড়াল দিবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বিসিক বাসস্ট্যান্ডে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে সুশাসন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। এজন্যই জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোট গঠন করা হয়েছে।

শাহজাদপুরের ঐতিহ্য তুলে ধরে সজীব ভূঁইয়া বলেন, এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক অঞ্চল। এ অঞ্চলের তাঁতশিল্প ব্রিটিশ ভারত আমলেও খ্যাতি অর্জন করেছে। কিন্তু বুর্জোয়া শাসনের ফলে এ অঞ্চলের মানুষ সুফল পায়নি৷ মধ্যসত্ত্বভোগীরা পরিশ্রমের ফসল নিয়ে গেছে৷ আমরা এনসিপির পক্ষ থেকে ওয়াদা করছি, আমরা নতুন বাংলাদেশে যার পরিশ্রম করবে তাকেই মূল্য পাওয়ার ব্যবস্থা করবো।

তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এ আসনে আমাদের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ। এ এলাকার উন্নয়নে সরকারের বিভিন্ন জায়গায় তিনি যোগাযোগ করেছেন। আপনারা এ অঞ্চলে দুর্নীতি, চাঁদা ও দখলবাজ এবং সুশাসন নিশ্চিত করতে শাপলা কলিতে ভোট দিয়ে সাইফকে বিজয়ী করুন।

একটি দল জাতীয়তাবাদের কথা বলে বিদেশি নাগরিকদের প্রার্থী করেছে

এনসিপির এ মুখপাত্র বলেন, আমরা রেগুলার সেনাবাহিনীর সদস্যদের বর্তমানের চেয়ে দ্বিগুণ পরিমাণ প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আধিপত্যবাদীরা ফেলানীকে শহীদ করে কাঁটাতারে ঝুলিয়ে রেখে দিয়েছিল। কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় দল কী করবে তার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। বাংলাদেশের মানুষ এখন আর ব্যক্তিগত পাওয়ার হিসাব করে না, বরং সবাই মিলে কী পাবে সেই হিসাব করে। আপনারা ঋণ খেলাপিদের টাকা নেন, কিন্তু ভোট দিবেন আগ্রাসন বিরোধীদের। আমরা এমন প্রার্থীদের ভোট দিব যারা আমাদের সুখে-দুঃখে আমাদের পাশে থাকবে। কোনো বিদেশি নাগরিক ও ঋণ খেলাপিদের ভোট দিয়ে সংসদে পাঠাবো না।

সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক এ উপদেষ্টা বলেন, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি চান হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট শাসক না আসুক তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতা-কর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে। ওই দলের নেতাকর্মীরা হ্যাঁ ভোট চাইলে তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বলবেন গুপ্ত গুপ্ত। তাদের নেতারা অন্য দলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি তারা মুনাফেকি করবে না।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ তার বক্তব্যে বলেন, এ আসনে লন্ডনের এক নাগরিক এসে নির্বাচন করছেন। তার বাবা মন্ত্রী এমপি ছিলেন। আমরা মন্ত্রী এমপির ছেলে না। আমরা রাজপথ থেকে উঠে এসেছি। ইনসাফ ভিত্তিক রাজনীতি করাই হচ্ছে আমাদের লড়াই। আমাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদীর হত্যার বিচার হয় নাই। তার ভাইদের কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শেরপুরে আমাদের আরেক সহযোদ্ধা জামায়াতের উপজেলা সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা আর কোনো মানুষকে খুন করতে দেবো না। আমরা সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে চাই। আর এজন্য সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। যারা না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা দেশের শত্রু।

এম এ মালেক/এফএ/এএসএম