ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ১০:০৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

স্বামীর সঙ্গে ১১ মাসের শিশু সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া খাতুন (২৩) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বুড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ও একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারের পাশে একটি পার্কে বেড়াতে যান কলেজছাত্রী সুমাইয়া-সেলিম রেজা দম্পতি। পরে বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ি ফেরার সময় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বুড়াই এলাকায় ইজিবাইকের চাকায় সুমাইয়ার ওড়না জড়িয়ে যায়। এসময় ১১ মাসের সন্তানসহ ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান সুমাইয়া। এক পর্যায়ে ইজিবাইক থামিয়ে ওড়না কেটে কলেজছাত্রী সুমাইয়াকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, দুর্ঘটনার শিকার নারী সুমাইয়া হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। শ্বাসরোধ হয়ে তিনি মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সুমাইয়ার স্বামী সেলিম রেজা বলেন, ইজিবাইকে বসে সুমাইয়া ১১ মাস বয়সি শিশু সন্তানকে বুকের দুধ পান করাচ্ছিলো। এসময় আচমকা সুমাইয়ার ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে যায়। আমার জীবন তো তছনছ হয়ে গেল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, হাইওয়ে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। যে কারণে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম শাহজাহান/কেএইচকে/জেআইএম