ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফাঁকা হয়ে আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৫ জুলাই ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ যেন এক ভিন্ন চিত্র। নেই চির চেনা যানজট। ভোগান্তি নেই যাত্রীদের। পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের যানজটে পড়ে ঘুমিয়ে পড়ার চিত্রও নেই।

গতকাল সোমবার থেকে দিনভর মহাসড়কের কুমিল্লা অংশে দেখা গেছে এমনই চিত্র। আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে গত ২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন উদ্বোধনের পর তা যানবাহনের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। ফলে দ্রুতই পাল্টে গেছে এ জাতীয় মহাসড়কের দৃশ্যপট। রাস্তা ক্রমেই ফাঁকা হয়ে আসছে।
জানা যায়, ফোর লেন চালুর ফলে বর্তমানে নির্বিঘ্নে চলাচল করছে সকল প্রকার যানবাহন। আসন্ন ঈদ-উল ফিতরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ যানজট থাকতে পারে যাত্রীদের মাঝে এমন আশঙ্কা থাকলেও মহাসড়কের দাউদকান্দি থেকে ফেনী সীমান্ত পর্যন্ত কোথাও যানজট দেখা যায়নি।

এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের মাঝেও দেখা গেছে স্বস্থি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের কুমিল্লা অংশের গুরুত্বপূর্ণ ৬টি পয়েন্টে ওয়াচ টাওয়ারের মাধ্যমে মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবক কাজ করছে। মহাসড়কের কুমিল্লা অংশের ৯৯ কিলোমিটার এলাকার মধ্যে ইলিয়টগঞ্জ, মাধাইয়া, গৌরিপুর,নিমসার, ময়নামতি,পদুয়ারবাজার, মিয়াবাজার ও চৌদ্দগ্রাম উপজেলা সদরে বছরের অধিকাংশ সময়ই যানজট থাকতো। এতে এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো। ঘণ্টার পর ঘণ্টা যে স্থানে যানবাহন আটকা থাকতো সে স্থান দিয়ে নির্বিঘ্নে এখন দ্রুত গতিতে চলাচল করছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

এদিকে ঈদে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকার আশঙ্কা থাকলেও ফোর লেন চালুর ফলে মহাসড়কে এখন বাড়তি চাপ নেই। এছাড়াও ঈদের দীর্ঘ ছুটির কারণে মহাসড়কে যানবাহনের চাপ অতীতের তুলনায় অনেক কম, তাই এবারের ঈদে যাত্রীরা যানজটে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে।

road

উপকূল পরিহনের যাত্রী এনজিও কর্মকর্তা রমিজ উদ্দিন জানান, সোমবার সকালে মাত্র দেড় ঘণ্টায় তিনি ঢাকা থেকে কুমিল্লা নগরীতে পৌছতে পেরেছেন। ফেনী থেকে আসা ট্রাক চালক রেহান উদ্দিন জানান, বিনা যানজটে কখনোই এ মহাসড়কে চলাচল করতে পারিনি, কিন্তু মাত্র সোয়া এক ঘণ্টায় তিনি কুমিল্লার চান্দিনায় এসে পৌছেন।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, হাইওয়ে পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রচেষ্টার কারণে কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজার পর্যন্ত কোথাও যানজট নেই।

তিনি আরও জানান, মহাসড়কের কুমিল্লা অংশেই ৬টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হাইওয়ে পুলিশ সুপার নিজেও মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল পরিস্থিতি মনিটরিং করছেন বলে জনিয়েছেন।  

মো. কামাল উদ্দিন/এমএএস/এমএস