আমির হামজা
বর্ডার দিয়ে অস্ত্র ঢুকেছে, উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র ঢুকেছে। প্রশাসনকে জানিয়েছি, এগুলো উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
সোমাবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার জগতী দর্গাতলা স্কুল মাঠে নারী সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
আমির হামজা নারীদের উদ্দেশে বলেন, মেয়েরা কুটির শিল্প হস্তশিল্পের মাধ্যমে সম্মানের সঙ্গে ঘরে বসে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তিনি আরও বলেন, ভোটারদের কাছে ব্যাপক সারা পেয়েছি এবং পাচ্ছি এখনো। তাদের দাবি আমরা কাজ চাই এবং নিরাপত্তার সঙ্গে চলতে চাই। আমরা কাজের ব্যবস্থা করব এমন প্রতিশ্রুতি দিয়েছি এবং আগামীতে এ দেশের নিরাপদে থাকার জন্য যেগুলো হুমকি সেগুলো দূর করতে সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা।
আমির হামজা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি, আমাদের মা-বোনেরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। যারা হুমকি দিচ্ছেন তাদের তালিকা আমাদের কাছে আছে, আমরা প্রশাসনকে দেবো। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য অস্ত্র উদ্ধার এবং যারা হুমকি ধামকি দেয় এদেরকে কন্ট্রোলে আনতে হবে।
নারী সমাবেশ জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, সদর আমির এনামুল হকসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এনএইচআর/জেআইএম