ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কেউ কেন্দ্র দখল করতে চাইলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কেউ কেন্দ্র দখল করতে চাইলে ছাড় দেওয়া হবে না, সিসিটিভি ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ময়মনসিংহে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার কোথাও কেন্দ্র দখল যেনো না হয়, সেজন্য কেন্দ্রে সিসিটিভি লাগানো হচ্ছে। পুলিশকে ২৫ হাজার ৭০০ বডি ক্যামেরা দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করছি। সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কেন্দ্র দখল করতে যায়, কেউ ছাড় পাবে না। সে ভাই হোক আর বোন হোক। তার ছবি এখানে থেকে যাবে। তিনদিন হোক আর চারদিন হোক, বা ৬ মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পর হলেও সে ধরা খাবে।

তিনি বলেন, এবার কিন্তু অবৈধ অস্ত্র নেই। আমাদের বৈধ অস্ত্রও তো বাহিরে আছে। থানা থেকে যে অস্ত্রগুলো চলে গেছে সবগুলো উদ্ধার করতে পারিনি। কিছু কিছু উদ্ধার হয়েছে। এটা নির্বাচনে প্রভাব পড়বে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফলাফল রেডি হয়ে গেলে ঘোষণা দিয়ে দেবে। এখনতো ফলাফল একদম সুবিধা। প্রত্যেকটা কেন্দ্রে যার যার এজেন্ট থাকবে। কে কত ভোট পেয়েছে এজেন্ট প্রার্থীকে মোবাইলে জানিয়ে দেবে। সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলের মাধ্যমে ফলাফল আজকাল পেয়ে যায়। তবে এবার কারচুপির কোনো সুযোগ নেই।

এসময় বিভাগীয়, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম