ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচনে দেশ উল্টো পথে গেলে ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে: মিন্টু

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যদি বাংলাদেশ উল্টো পথে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।

তিনি আরও বলেন, দেশকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করতে, দেশের গতিপথ ঠিক রাখতে ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে এ মুহূর্তে বিএনপিকেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজীর চর ইঞ্জিমানে পথসভায় এসব বলেন আবদুল আউয়াল মিন্টু।

মিন্টু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। একটি দল নির্বাচন বানচালের জন্য বিভিন্নভাবে অপচেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এর আগে সকালে সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নে পথসভায় বক্তব্য দেওয়ার সময় চরাঞ্চলের উন্নয়ন, কৃষি, মৎস্য খাতের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতের প্রসার, নদী ভাঙনরোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণের আশ্বাস দেন বিএনপির এই প্রার্থী।

পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, প্রার্থীর ছেলে তাফসির এম আউয়াল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউস মিতা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম