ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র-বোমা উদ্ধার

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যৌথবাহিনী। এরই অংশ হিসেবে মানিকগঞ্জে এক অভিযানে অবৈধ পাকিস্তানি অস্ত্র ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি শক্তিশালী ইলেকট্রিক বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে। ওই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ৫৪ জন সেনাসদস্য এবং পুলিশের ২১ সদস্যের সমন্বয়ে একটি যৌথ চৌকস দল তাৎক্ষণিকভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাকিস্তান প্রস্তুতকৃত একটি রিভলভার, পাঁচটি ককটেল বোমা, কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। উদ্ধার করা পিস্তল, ককটেলসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যৌথবাহিনী অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অভিযানটি সফলভাবে সম্পন্ন করেছে। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট বাস্তবায়নে যৌথবাহিনী বদ্ধপরিকর। নির্বাচনকালীন সময়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে যৌথবাহিনী সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে এবং সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, এএসপি আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মো. সজল আলী/এনএইচআর/জেআইএম