নির্বাচন অবাধ ও সুষ্ঠু-সুন্দর হতে হবে: কুমিল্লার জিওসি
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেছেন, সব জায়গায় আমাদের একটাই মেসেজ, যে-কোনো মূল্যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু-সুন্দর হতে হবে। এতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনীসহ মাঠে থাকা সকল বাহিনী একসঙ্গে কাজ করবে এবং যে-কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনে মোতায়েনরত বিভিন্ন বাহিনীর কমান্ডারদের সঙ্গে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বৈঠক শেষে এ কথা জানান তিনি।
মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সার্বিক আইনশৃঙ্খলা মূল্যায়নে সরেজমিন পরিদর্শনে আজ আমি নোয়াখালী এসেছি। এসময় এ জেলায় নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সামরিক ও অসামরিক সদস্যসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছি।
সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও বলেন, আজ আমি সকল পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, নিরাপত্তা জোরদার এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সব স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছি। বিষয়টি যেন সবাই খেয়াল রাখে তাও বলেছি।
দায়িত্বরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুমিল্লার জিওসি বলেন, নির্বাচনের কাঙ্খিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অসামরিক প্রশাসনকে সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করবে। দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরের অধিক সময় নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করার জন্য নোয়াখালীতে মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এ ধারাবাহিকতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি।
সভায় জিওসির সফরসঙ্গী বিগ্রেডিয়ার জেনারেল সোহেল হাসান, নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশারেফ হোসেন, র্যাব-১১ কোম্পানি অধিনায়ক, আনসার ভিডিপি জেলা কমাড্যান্ট, কোস্টগার্ড কমান্ডারসহ সেনাবাহিনীর ডিভিশন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/কেএইচকে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
- ২ অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো শিশুসহ দুইজনের
- ৩ ঈদের দিনে একমাত্র বিনোদন কেন্দ্র বন্ধ, দর্শনার্থীদের ক্ষোভ
- ৪ সুবিধাবঞ্চিত ৬০০ মানুষের মুখে হাসি ফোটালো ‘জয়ফুল জার্নি’
- ৫ ঈদের দিনে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা