ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভিডিও ভাইরাল

ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবেন

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে আসসাদ আলী নামের এক বিএনপি নেতা বলেছেন, ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এই বক্তব্য দেন। রাতেই তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে নির্বাচনি বক্তব্য দেওয়া আসসাদ আলী পামুলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি লক্ষ্মীর হাট দ্বিমুখী দাখিল মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

৪৪ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দেবেন। আর যেই দলটি আপনার আমার মা-বোনকে বেজ্জতিমূলক কথাবার্তা বলতেছে, এই দলটিকে, দাঁড়িপাল্লাকে ১২ তারিখের ভোটে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ।’

ওই বিএনপি নেতা একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত আসসাদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে পঞ্চগড়ের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, আসসাদ আলীর নাম সহকারী প্রিসাইডিং অফিসারের তালিকাতে নেই। এখনো প্রিসাইডিং, সহকারী প্রিজাইডিং কিংবা পোলিং অফিসার নিয়োগ চূড়ান্ত হয়নি। তিনি (আসসাদ আলী) প্রশিক্ষণেও অংশ নেননি।

সফিকুল আলম/এসআর/জেআইএম