ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আবিদুল ইসলাম খান

বাংলাদেশে জামায়াত-শিবিরের মাথা উঁচু করে রাজনীতি করার অধিকার নেই

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই। বাংলাদেশের মাটি আপনাদের স্বীকার করে না। আপনারা এ দেশে বসে বাংলাদেশের সংস্কৃতির ওপর আঙুল তোলেন, ইতিহাস বিকৃত করতে চান; এর ধাক্কা আপনারা নিতে পারবেন না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে ‍‌‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এই সব কথা বলেন।

জামায়াতের আমিরকে উদ্দেশ করে আবিদুল ইসলাম খান বলেন, একজন সাদা শয়তান, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা আবারও বাংলাদেশের ইতিহাসকে ৫৪ বছর পর বিকৃত করতে চায়। সেই সাদা শয়তানকে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মহান মুক্তিযোদ্ধা ধারণ করেই করতে হবে। একদিকে যেমন ৭১, একদিকে যেমন ২৪ এগুলো বাংলাদেশে সম্পদ, বাংলাদেশের অস্তিত্ব। এগুলোকে অস্বীকার করার সুযোগ নেই।

তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। এটা নিয়ে যে আপনারা যে অপসংস্কৃতি শুরু করেছেন কিন্তু এর যে ধাক্কা আপনারা সেটা নিতে পারবেন না। আমরা তো আপনাদের কিছু বলিনি, ধৈর্য ধারণ করেছি। তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে শিবিরের ছেলেরা সর্বপ্রথম সূচনা করেছে জুলাইয়ের পরে। নোংরা রাজনীতি প্রচলন করতে চান?

জুলাই বিপ্লবের দেড় বছর অতিক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে এই ছাত্রদল নেতা বলেন, আমরা যে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি, তা আবার ফিরে এসেছে। আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা পরিচয় দিয়ে অনেকে আজ পথভ্রষ্ট হয়েছে। তারা নিয়োগ বাণিজ্য করছে, কেউ কেউ উপদেষ্টা বনে গিয়ে ভবিষ্যৎ রাজনীতি ধ্বংস করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সেই নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে একটি নির্দিষ্ট সংগঠন পা বাড়িয়েছে। তারা আমাদের উসকানি দিচ্ছে যেন আমরাও তাদের মতো আচরণ করি। আমরা আগামী নির্বাচনের মাধ্যমে দেশে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনব ইনশাল্লাহ।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম