বিএনপি প্রার্থীর সভায় প্রকাশ্যে এলেন বিপুল সংখ্যক আ’লীগ নেতাকর্মী
নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ আসনের শিবচরে বিএনপিকে সমর্থন দিয়ে প্রকাশ্যে এসেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার মিঠুর নির্বাচনি উঠান বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে এ সমর্থন দেন।

একাধিক সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়ে সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়৷ শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা৷

এই সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান৷ সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ফাহিমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর ও নেতৃবৃন্দ৷
এসময় বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার মিঠু বলেন, আমাদের আগামীর রাষ্ট্র নায়ক দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ৷ তাই আমরা বলবো সবার আগে শিবচর৷ এর কারণ প্রতিটি গ্রাম উপজেলা জেলা নিয়ে বাংলাদেশ৷ তাই আমরা ঠিক করেছি সবার আগে শিবচর৷ আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলবো৷ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে৷ ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা আকাংখা পূরন করতে পারবো না৷
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস