ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে জনগণের মুখোমুখি প্রার্থীরা

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ আসনের ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো ও প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে পবা উপজেলার নওহাটা সরকারি স্কুল মাঠে ‘একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই’ শীর্ষক জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষ সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং উপস্থিত প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের শুরুতে অঙ্গীকারনামা ও শপথ বাক্য পাঠ করেন সুজন রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ।

এতে সভাপতিত্ব করেন পবা উপজেলা সুজনের সভাপতি সাদিকুল ইসলাম মেজো, পরিচালনা করেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান।

অনুষ্ঠানে সুজন রাজশাহী জেলা কমিটির সভাপতি আহাম্মেদ শফি উদ্দিন, মহানগর সভাপতি পিয়ার বক্স, মোহনপুর উপজেলা সভাপতি আসাদ আলী, পবা উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, মোহনপুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মতামত ও অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটের আগে জনগণের প্রশ্নের মুখোমুখি হওয়া প্রার্থীদের নৈতিক দায়িত্ব। এ ধরনের আয়োজন নির্বাচনি প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ভূমিকা রাখে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন জেলার একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী হাবিবা খাতুন, জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুল রহমান। এ সময় উপস্থিত ভোটাররা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, দুর্নীতি ও নারীর অধিকারসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম