ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যারিস্টার শাহরিয়ার

কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনায় জামায়াতের বিকল্প নেই

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছেন, ‘কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনায় জামায়াতের বিকল্প নেই।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁর ড্যাফোডিলস স্কুল প্রাঙ্গণে শহীদ ওসমান হাদি কালচারাল সোসাইটির আয়োজন করে। যেখানে প্রায় ৩ শতাধিক তরুণ-তরুণী অংশ নেয়। এসময় বিভিন্ন প্রশ্নোত্তর দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।

এসময় অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীর আলম, এবি পার্টি নওগাঁর আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, এনসিপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব হাসান সোহাগ, ওসমান হাদি কালচারাল সোসাইটি নওগাঁর সংগঠক তানজিম বিন বারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এক পর্যায়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিবো না। আমি ভোট চুরি করবো না, কাউকে চুরি করতে দিবো না। কেউ চুরি করতে আসলে তাকে প্রতিহত করবো। জামায়াতে ইসলামী যতদিন ব্যাংক পরিচালনা করেছে ততদিন কি ঋণ খেলাপি ছিল? ছিল না। কিন্তু এস আলম আসলো লুটপাট করে চলে গেলো। এতে বোঝা যায় দোষ মানুষের মধ্যে। সিস্টেমের মধ্যে নাই। আল্লাহর কুরআন এমন একটি বিধান, এ বিধানে খারাপ হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো জায়গা নেই। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করবো। কেনো জামায়াতকে কেউ দেখতে পারে না। সারা পৃথিবী একদিকে, ইসলাম আরেক দিকে। আপনি ইসলাম কায়েম করতে চাইবেন তো সবার শত্রু হয়ে যাবেন। ৯১ ভাগ মুসলমানের দেশে বলা হচ্ছে আমরা জান্নাত দিতে চাই। এতে তো সবার খুশি হওয়া উচিত। কে জান্নাতে যেতে চায় না।

ব্যারিস্টার শাহরিয়ার বলেন, আল্লাহর কথাকে তারা কটাক্ষ করছে এবং আমরা বোবার মতো বসে আছি। সেজন্য আমাদের প্রতিবাদ ব্যালট বাক্স। আমরা চাই কুরআন ও সুন্নাহর আলোকে এদেশে একটা ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হোক। কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনায় জামায়াতের বিকল্প নেই।

আরমান হোসেন রুমন/আরএইচ/এএসএম