ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের নারী কর্মীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের চৌগাছা নারী শাখার উদ্যোগে স্থানীয় কামিল মাদরাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে চৌগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

মোসলেহ উদ্দিন বলেন, ‌‌‘আমাদের নারী কর্মীরা বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে প্রতিপক্ষ দলের নেতা-কর্মীদের হামলার শিকার হচ্ছেন। এসব ঘটনায় মামলা করেছি। প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। প্রতিবাদ নয়, এবার থেকে প্রতিরোধ হবে। আমারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি। কয়েকশ যুবক মোটরসাইকেলে প্যাট্রোলে আছে। আপনারা (নারী কর্মী) যখন বের হবেন, এই দায়িত্বশীলরা পাশে আছে।’

ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ

প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ শেষ হয়ে যাচ্ছে। চৌগাছা প্রশাসনকে অনুরোধ জানাবো, ঝিকরগাছা যেভাবে পরিবেশ ফিরিয়ে এনেছে, চৌগাছাতেও পরিবেশ ফিরিয়ে আনুন। আমরা সহযোগিতা করবো। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু যদি আমাদের পায়ে পাড়া দেওয়া হয়, আমাদের বোনদের গালাগালি, ব্যাগ, মোবাইল, বোরকা ধরে টানাটানি করা হয়, হুমকি দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা প্রস্তুত রয়েছি।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান আল মামুন ও সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান।

চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদের পরিচালনায় আরও বক্তৃতা করেন ডা. মোসলেহ উদ্দিনের ফরিদের সহধর্মিণী নাসরিন ফরিদ, জামায়াতের যশোর-কুষ্টিয়া মহিলা বিভাগের অঞ্চল পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি, যশোর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিনা খাতুন, জেলা কর্মপরিষদ সদস্য শাহানা আক্তার লাইলি, ঝিকরগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী তহমিনা খাতুন শিখা প্রমুখ।

মিলন রহমান/এসআর/জেআইএম