নারায়ণগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচার কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্বজনের বাবা মো জাকির হোসেন উপস্থিত থেকে এই প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।
এই ক্যারাভ্যানের মাধ্যমে এলইডি স্ক্রিনে জনগণকে দেখানো হচ্ছে কেন গণভোটে ‘হ্যাঁ’ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে লিফলেট বিতরণের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুরে ধরা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন এলাকায় এই প্রচার কার্যক্রম চলবে।
প্রচারণার সময় গাড়িতে নির্বাচনি গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। পথে পথে মানুষ প্রচারণার দিকে নজর দেয় এবং অনেককে সাড়া দিতে দেখা যায়।
গণভোট বিষয়ক উপকমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের গণভোটের প্রার্থী নিরব রায়হান বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারে দুইটি নির্বাচন একটি হচ্ছে সংসদ সদস্য নির্বাচন আরেকটি হচ্ছে গণভোটের নির্বাচন।
তিনি আরও বলেন, আমাদের ৭১ এবং ২৪ কে সমুন্নত রেখে এই গণভোটে ‘হ্যাঁ’ কে জয়ী করতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে করতে হলে ‘হ্যাঁ’ কে জয়ী করতে হবে। এই ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে কেউ চাইলেই স্বৈরাচার হতে পারবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ হবে জনতার। সে লক্ষ্যে আমরা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এএসএম