ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বতন্ত্রের পক্ষে প্রচারণা, বহিষ্কার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা

উপজেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পর বহিষ্কৃত হয়েছেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ ৬ যুবদল নেতা।

ছয় যুবদল নেতার বহিষ্কারের পর থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া ঈশ্বরদীর ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন।

পাবনা-৪ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ও দলীয় সূত্রে জানা যায়, দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না নেওয়া ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় অংশগ্রহণসহ সংগঠনের শৃঙ্খলাবিরোধী অভিযোগের ভিত্তিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা বহিষ্কার হতে পারেন। বহিষ্কারের সম্ভাব্য তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান জুয়েল, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক আব্দু রশিদ সরদার, লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান সরদার, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পাবনা-৪ আসনের বিএনপির পরিচালনা কমিটির সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ জাগো নিউজকে জানান, পাবনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি পর্যবেক্ষণ টিম কাজ করছে। যে সব দলীয় নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন পর্যবেক্ষণ টিম তাদের একটি তালিকা করেছে। এ তালিকা অনুযায়ী কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বিএনপির রাজনীতি করে ধানের শীষের ভোট করবেন না এটি হতে পারে না। যারা ধানের শীষের নির্বাচন করছেন না এবং তারেক রহমানের নির্দেশ অমান্য করছেন তাদের দলে থাকার কোনো অধিকার নেই। তাদের দল থেকে বহিষ্কার করা উচিত।

শেখ মহসীন এসকেএম/আরএইচ/জেআইএম