পিরোজপুরে জামায়াত আমিরের জনসভার মঞ্চ প্রস্তুত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর যাচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। তাকে বরণ করতে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
এদিকে তার এই সফর ও জনসভাকে কেন্দ্র করে পিরোজপুর জেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ জানান, জনসভার জন্য সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দৃষ্টিনন্দন ও শৈল্পিক মঞ্চ নির্মাণ করা হয়েছে। আনুষঙ্গিক সাজসজ্জা এবং জনসভার যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
এই জনসভায় পিরোজপুর ও আশপাশের জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সভায় উল্লেখ যোগ্যসংখ্যক নারী কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ডা. শফিকুর রহমান পিরোজপুরের তিনটি আসনের জামায়াত জোটের প্রার্থীদের জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
এই সভায় কেন্দ্রীয় ও জোটের শীর্ষ নেতাদের এক বিশাল বহর উপস্থিত থাকার কথা রয়েছে। জনসভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
মো. তরিকুল ইসলাম/এনএইচআর